টানা ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে নদীতে ফিরে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ পাচ্ছেন ভোলার চরফ্যাশনের জেলেরা। জালে মাছের দেখা মেলায় স্বস্তি ফিরেছে জেলে, ট্রলারমালিক ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে। ব্যস্ততা ফিরেছে সামরাজ মৎস্যঘাটে।
সোমবার সামরাজ মৎস্যঘাটে গিয়ে দেখা যায়, নদী থেকে মাছ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। পরে এসব মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে নদীতে গিয়ে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ পাচ্ছেন তাঁরা। এতে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে নতুন করে আশার আলো দেখছেন। তবে মাছের ভালো দাম পাওয়ার প্রত্যাশাও রয়েছে তাঁদের।
ঘাটের আড়তদার মো. আনোয়ার জানান, ইলিশের পরিমাণ কিছুটা কম হলেও অন্যান্য প্রজাতির মাছ ভালো পাওয়া যাচ্ছে। এসব মাছ স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
মৎস্যজীবীদের প্রত্যাশা, আগামী দিনগুলোতে নদীতে মাছের সরবরাহ আরও বাড়বে এবং ন্যায্য দাম পাওয়া গেলে নিষেধাজ্ঞার সময়ের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন তাঁরা।
Recent Comments