পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত কোনো স্বাভাবিক বিষয় নয়। সাত দিনের বেশি রক্তপাত অথবা প্রতি ১-২ ঘণ্টায় প্যাড পরিবর্তন করতে হয় তাহলে এটিকে অতিরিক্ত রক্তপাত বলা যায়। এমন সমস্যায় ভূগছিলেন, ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ১৬ বছরের কিশোরী আকলিমা। যার ফলে আকলিমা শারীরিকভাবে দুর্বল আর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। এরপর আকলিমা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন এবং এখন সুস্থ জীবন-যাপন করছে।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন কুমার বসাক বলেন, সমাজে অনেক কিশোরীই আকলিমা মতো এই সমস্যাটি সহ্য করে। অনেকেই মনে করেন এটা হয়তো স্বাভাবিক। কিন্তু সঠিক সময়ে সচেতন না হলে এটি রক্তশূণ্যতাসহ বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে।
তিনি আরো বলেন, পিরিয়ডের অতিরিক্ত রক্ত কেনো যাচ্ছে তা আগে আমাদের জানতে হবে। অনেক সময় হরমোনজনিত পরিবর্তনের কারণে অতিরিক্ত রক্তপাত হয়। হরমোনের স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে এই সমস্যা হয়ে থাকে। কিশোরী মেয়েদের শারীরিক অবস্থা যদি অপুষ্ট থাকে তাহলে অতিরিক্ত রক্তপাত হতে পারে। তাই পিরিয়ডের সময় কিশোরীদের পুষ্টিকর খাবার খেতে হবে। পিরিয়ডের সময় সাতদিনের বেশি সময় ধরে যদি রক্তপাত হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কিশোর কিশোরীদের অংশগ্রহনে শুনুন রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “স্বপ্নের ঠিকানা” সপ্তাহের প্রতি সোমবার সকাল ০৯:২৫ মিনিটে।