রমজানের প্রথম দিন চরফ্যাশন বাজার ঘুরে দেখা যায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড় থাকলেও দামের কারণে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেই।
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি চরফ্যাশন বাজার ঘুরে দেখা যায়, ছোলা কেজি ৮০ টাকা এবং শসা ও বেগুন কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। লেবু আগে হালিতে ১০ থেকে ১২ টাকা বিক্রি হলেও বর্তমানে মান ও আকারভেদে ৬০ থেকে ৮০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁয়াজ ও রসুনের দামও বেড়েছে। প্রতি কেজি পেয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। এছাড়া বড় রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ টাকা দরে। গরু ও খাসির মাংস আগের দামেই বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, কয়েকদিন ধরে পর্যাপ্ত পণ্য সরবরাহ না থাকায় বেগুন, শসা ও লেবুসহ কিছু সবজির দাম বেড়েছে। গত বছরের রমজানের থেকে এবার দাম বেশি।
অন্যদিকে ক্রেতারা বলছেন, রমজান উপলক্ষে ইফতারের জন্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই এখন বেশি, ফলে বাড়তি খরচ গুনতে হচ্ছে।
এ বিষয়ে বাজার ব্যবসায় সমিতি সেক্রেটারি মো. নজরুল ইসলাম টিপু জানান, পণ্য সরবরাহ কম থাকায় সাময়িকভাবে কিছু পণ্যের দাম বেড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দামও কমে আসবে। কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।