কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক প্রভাব এবং ডিজিটাল আসক্তি থেকে মুক্তি বিষয়ক একদিনের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকাল ৯টায় কোস্ট ফাউন্ডেশনের চরফ্যাসন সেন্টারের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অংশগ্রহণ করেন রেডিও মেঘনার কর্মী এবং চরাঞ্চলের বিভিন্ন শাখার ব্রাঞ্চ ম্যানেজাররা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরপিসি হুমায়ুন কবির, রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার মৌসুমি রানী দাস। এছাড়াও উপস্থিত ছিলেন দশমনিয়ার এরিয়া ম্যানেজার ইসমাইল হোসেন এবং ভোলা জেলার আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগম।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অতিরিক্ত স্ক্রিন টাইমের নেতিবাচক প্রভাব সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা এবং প্রযুক্তির স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহিত করা।
কর্মশালায় ডোপামিনের প্রভাব, ব্রেন রট (Brain Rot), ডিজিটাল আসক্তির মানসিক ও শারীরিক ক্ষতিকর দিক, এর প্রতিকার এবং ডিজিটাল ডিটক্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তুলে ধরেন, নিম্নমানের ডিজিটাল কনটেন্ট ও অতিরিক্ত স্ক্রিন টাইম কীভাবে ধীরে ধীরে মানুষের স্মৃতিশক্তি, চিন্তাশক্তি ও মনোযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এছাড়া মানুষ কেন ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত আকৃষ্ট হয়, দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের ফলে চোখের ক্লান্তি, অনিদ্রা ও মানসিক অস্থিরতার মতো সমস্যার সৃষ্টি হয় এবং এসব সমস্যা থেকে উত্তরণের কার্যকর উপায় নিয়েও আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের দৈনন্দিন জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বাস্তবসম্মত ‘ডিজিটাল ডিটক্স’ পরিকল্পনা তৈরির পরামর্শ দেওয়া হয় এবং প্রযুক্তির সচেতন ও স্বাস্থ্যকর ব্যবহারের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান ও দক্ষতার মূল্যায়ন করা হয়। সফলভাবে কর্মশালার কার্যক্রম সম্পন্ন হয়েছে।