ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে নদীতে নামবেন জেলার দুই লক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার খবরে জেলে পল্লি ও মাছঘাট গুলোতে ফিরেছে প্রাণচাঞ্চল্য। জাল, নৌকা ও ট্রলার নিয়ে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টার পর নদীতে নামবেন জেলেরা। এতে জেলেদের পাশাপাশি মৎস্য ব্যবসায়ী ও আড়তদাররা ব্যস্ত সময় পার করছেন।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর নির্ধারিত অভয়াশ্রমসহ সংশিষ্ট এলাকায় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে মৎস্য বিভাগ।
সামরাজ মাছঘাট ঘুরে দেখা গেছে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার খবরে জেলেদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। নদীতে বেশি ও বড় আকারের ইলিশ পাওয়ার আশায় গত কয়েক দিন ধরে জাল মেরামত, নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলার প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। একই সঙ্গে মাছ বেচাকেনা শুরু করতে প্রস্তুতি নিচ্ছেন ঘাট ও আড়তদার ব্যবসায়ীরা।
আওলাদ মাঝি (৪৫) বলেন, ২২ দিন পর আজ রাতে নদীতে মাছ শিকারে নামব। এনজিও ও মহাজনের কাছ থেকে ধারদেনা করে নতুন জাল ও নৌকা তৈরি করেছি। আশা করছি, নদীতে বেশি ইলিশ পেলে সেই মাছ বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারব।
একই ঘাটের মো: হেলাল (৩৪) বলেন, সরকারের নিষেধাজ্ঞা মেনে ২২ দিন নদীতে যাইনি। আজ রাত থেকে মাঝিমাল্লাদের নিয়ে মাছ ধরতে নামব। ভালো ইলিশ পেলে ধারদেনা পরিশোধ করে আবার ঘুরে দাঁড়াতে পারব।