‘প্রকৃতির যত্নে গ্রামীণ নারী কৃষক: অধিকার, ন্যায় বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে রেডিও মেঘনার উদ্যোগে কমিউনিটি পর্যায়ে শ্রোতা ক্লাবের নারীদের নিয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় বয়াতি বাড়ির উঠানে ৫০ জন নারীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। পরবর্তীতে ‘গ্রামীণ নারীর অদৃশ্য শ্রম’ থেকেই গড়ে উঠছে জলবায়ুসহিষ্ণু ভবিষ্যৎ খাদ্যব্যবস্থার ভিত’ বিষয়ক লিফলেট ও র্যালি অনুষ্ঠিত হয়।
কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার (ভোলা) রাশিদা বেগম অনুষ্ঠানের শুরুতে উপস্থিত মা, বোন ও সম্মানিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, গ্রামীণ নারীরা ভোর থেকে রাত পর্যন্ত পরিবারের রান্না, সন্তানদের যত্ন, গৃহস্থালির কাজ, গবাদিপশু পালন এবং কৃষিকাজে সহযোগিতাসহ নানা দায়িত্ব পালন করেন। তাদের এই শ্রম পরিবার ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেক সময় তা যথাযথভাবে মূল্যায়িত হয় না বলে জানান তিনি।
রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার নিশি বেগম বলেন, একজন নারী শুধু সংসার সামলানোর মানুষ নন, তিনি একজন দক্ষ কর্মী, উদ্যোক্তা, সন্তানের প্রথম শিক্ষক এবং পরিবারের অন্যতম প্রধান শক্তি। তাই নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া জরুরি। শিক্ষার অধিকার, সুস্বাস্থ্যের অধিকার, নিজের মতামত প্রকাশের অধিকার এবং নিজের জীবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রত্যেক নারীর রয়েছে।
রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার মৌসুমী রানী দাস, অনুষ্ঠানে গ্রামীণ নারীর অধিকার, মর্যাদা, আত্মনির্ভরশীলতা ও ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন। শ্রোতা ক্লাবের নারীদের উদ্দেশে বলা হয়, তাঁরা চাইলে হাঁস-মুরগি পালন, গরু-ছাগল পালন, সবজি চাষ, সেলাইয়ের কাজ কিংবা ছোট ব্যবসার মাধ্যমে পরিবারের আয়ে অবদান রাখতে পারেন এবং পরিবারকে নারীর কাজের স্বীকৃতি দিতে হবে । এ জন্য প্রয়োজন প্রশিক্ষণ, পরিবারের সহযোগিতা, নিজের প্রতি বিশ্বাস এবং এগিয়ে যাওয়ার সাহস রাখতে হবে বলে জানান তিনি।
বেলী ক্লাবের লিডার সোনিয়া বলেন, আমরা গ্রামের নারীরা প্রতিদিন পরিবারের জন্য অনেক পরিশ্রম করি। সংসারের কাজ, সন্তানদের লালন-পালন, কৃষিকাজে সহযোগিতা সবকিছু সামলে নিজেদের জন্য সময় বের করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার (ভোলা) রাশিদা বেগম আরো বলেন, একজন নারী এগিয়ে গেলে শুধু একজন নারীই এগিয়ে যান না, বরং তার সঙ্গে এগিয়ে যায় একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশ। নারীকে অবহেলা না করে সম্মান ও এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
Recent Comments