রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। এবারের ঈদুল আজহায় ভোলার চরফ্যাশনে উপজেলার ১৮৬টি গরুর খামার, ৮২টি মহিষের খামার ও ২৪টি ছাগলের খামার থেকে প্রস্তুত করা হয়েছে ২৫ হাজার ৯১টি গবাদিপশু। যা উপজেলার চাহিদা ২২ হাজার ৪৬৬টির চেয়ে প্রায় দুই হাজার ৬০০ বেশি।
চরফ্যাশন সদর পশুর হাট, শশীভূষন পশুর হাটে দেখা যায়, ঈদকে সামনে রেখে খামারি ও ব্যাপারীরা গরু, মহিষ ও ছাগল কেনাবেচায় ব্যস্ত সময় পার করেছিলেন বেশ কয়েক দিন ধরে।
চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, এ উপজেলায় ১৮৬টি গরুর খামার, ৮২টি মহিষের খামার ও ২৪টি ছাগলের খামার রয়েছে। এসব খামারের গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রাণিসম্পদ ও ভেটেরিনারি বিভাগের সাতটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করে আসছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী বলেন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিদিন সাতটি মেডিকেল টিম গ্রামে গিয়ে গৃহস্থ ও খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
তিনি আরও বলেন, এ উপজেলায় দেশি জাতের গবাদিপশুর পরিমাণ চাহিদার তুলনায় বেশি থাকায় কোরবানির চাহিদা পূরণ করে অতিরিক্ত পশু অন্য জেলাতেও সরবরাহ করা হয়েছে।
Recent Comments