আজ ২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সারা দেশের ন্যায় ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর বছরব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদের প্রশাসনিক কক্ষে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু ও কয়সর কমল, পৌর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক কাউস মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করেছেন। এর মাধ্যমে দেশের ৬৪ জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ পালনের শুভ সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখ-ে জন্মগ্রহণ না করলেও তাঁর হৃদয়জুড়ে ছিল সমগ্র বাংলাদেশ। বাংলাদেশের মানুষও তাঁকে হৃদয় দিয়ে ভালোবেসেছে। তিনি জানান, ১৯১৪ সালে কিশোর বয়সে নজরুল প্রথমবার ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন। সেই স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়েছে। বিদ্রোহ, প্রেম, বিরহ ও তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের এক অবিস্মরণীয় নাম। অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা আজও তাঁর রচনা থেকে পাওয়া যায়। মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও নজরুলের কবিতা ও গান ছিল অনুপ্রেরণার শক্তিশালী উৎস।
তিনি বলেন, শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুল সমান প্রাসঙ্গিক। তাই জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের সম্পর্ক আরও গভীর করতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে।