ভোলার চরফ্যাশন উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ চাষ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি প্রদর্শনী প্লটে চাষ করেন প্রবাস ফেরত জুয়েল।
মো: জুয়েল (৪০) বলেন, দীর্ঘদিন ওমানের প্রবাসি ছিলেন। দেশে ফিরে নিজের কর্মসংস্থান গড়ার লক্ষ্যে প্রথমে পরিত্যক্ত ৪০ শতাংশ জমিতে আখ চাষ শুরু করেন। পরবর্তীতে উপজেলা কৃষি অফিসের পরামর্শে আরো ৩০ শতাংশ জমি ভরাট করে শুরু করেন ফিলিপাইন ব্ল্যাক আখ চাষ। শুরু থেকে এপর্যন্ত খরচ প্রায় আড়াই লাখ টাকা। এই আখ বিক্রির পর প্রায় ১০ লাখ টাকা আয় করার আশা করছেন। কৃষি বিভাগের প্রশিক্ষণ ও পরামর্শে ফিলিপাইন ব্ল্যাক আখের চাষ নিয়ে সফলতার স্বপ্ন বুনছেন।
মাদ্রাজ ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার এমাজ উদ্দিন বলেন, ৮ মাস আগে রোপণ করা ফিলিপাইন ব্ল্যাক আখ বর্তমানে প্রায় ১০ ফুট লম্বা হয়েছে। গাছের বৃদ্ধি ভালো হওয়ায় কৃষি কর্মকর্তা এ জাতের আখ চাষ নিয়ে আশাবাদী। আরও দুই মাস পর আখ পরিপক্ব হলে বাজারজাত করা সম্ভব হবে বলে জানান তিনি।
ফিলিপাইন ব্ল্যাক আখ একবার চাষ করে পর পর তিন বছর পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। এতে কৃষকের খরচ কমবে। আয়ের সুযোগ বাড়বে বলে জানান এমাজ উদ্দিন।