দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠান চরফ্যাশন উপজেলা পরিষদ মিলনায়তনে প্রদর্শনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আকাশে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে আয়োজিত এ বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।
এরই অংশ হিসেবে চরফ্যাশন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের নেতৃত্বে সরকারি- বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় পর্যায়ের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেন।
খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছে হাজার হাজার শিক্ষার্থী ও উদীয়মান তরুণ ক্রীড়াবিদদের অভিবাদন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা এবং তাদের জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম আসরের ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় আসরে রেকর্ডসংখ্যক ১৬ লাখ ২৩ হাজারের বেশি শিশু-কিশোর ও তরুণ ক্রীড়াবিদ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা।
Recent Comments