‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ভোলার চরফ্যাশনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন ও রেডিও মেঘনা আয়োজনে উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি. এস. এম. ফিদা হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। তিনি বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই যুবকদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজাদ শরীফ, চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুজ্জামান শাহীন ও কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগম। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুবকদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল বাড়াতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, বিভিন্ন দেশের শ্রমজীবীদের তুলনায় বাংলাদেশী শ্রমিকদের কম দক্ষতার কারণে বিদেশে কম মজুরিতে কাজ করেন। যুবদের আরও দক্ষ করে তুলতে বিভিন্ন ভাষা শিক্ষার ওপর জোর এবং পুরুষদের পাশাপাশি নারীদেরও সমানভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ, যুব প্রশিক্ষণ, খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কার্যক্রমের মাধ্যমে যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।