ভোলার চরফ্যাশনে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চরফ্যাশন সরকারি কলেজ চত্বরে পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি কলেজের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
পরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের নেতৃত্বে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ৪ নম্বর ওয়ার্ডে চরফ্যাশন সরকারি কলেজের আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা ও বনজঙ্গল পরিষ্কার করেন।
এ সময় ইউএনও রুমানা আফরোজ সরেজমিনে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে মশার প্রজননস্থল তৈরি হচ্ছে কি না, সেদিকেও নজর দিতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণের আহ্বান জানান তিনি।
র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।
Recent Comments