চরফ্যাশন উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জুন ২০২৬ (রবিবার) সকাল ৮টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিকতা করা হয়।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কর্মসূচি পালিত হয়। ক্যাম্পেইনে উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার নির্ধারিত বয়সী সকল শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়। ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। ১২ মাস থেকে ৫৯ মাস (৫ বছর) বয়সী শিশুদের ১টি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল নিতে আসা অভিভাবকরা জানান, ভিটামিন ‘এ’এর অভাবে শিশুর রাতকানা হওয়ার পাশাপাশি ডায়রিয়া ও নিউমোনিয়ার ঝুঁকি কমাতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে সন্তানদের নিয়ে এসেছেন।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি মো: আওলাদ হোসেন বলেন, আজ চরফ্যাশন পৌরসভার ২৫টি কেন্দ্রে ৫ হাজারের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে লাল ক্যাপসুলের লক্ষ্যমাত্রা ৫শত বেশি এবং নীল ক্যাপসুলের লক্ষ্যমাত্রা ২শত বেশি রয়েছে। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত খুব সুন্দরভাবে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।
শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, পুষ্টিহীনতা দূরীকরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই ক্যাম্পেইন পরিচালিত হয়। এটি শিশুদের রাতকানা রোগ থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো সংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়।
Recent Comments