টানা ভারী বর্ষণ এবং জলাবদ্ধতার কারণে ভোলার চরফ্যাশন উপজেলায় কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় প্রতি কেজির দাম ২৪০ থেকে ২৭০ টাকায় ছাড়িয়ে গেছে। একই সাথে বেড়েছে সবজির দাম। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা চরম বিপাকে পড়েছেন।
চরফ্যাশন সদরের কাঁচাবাজারে আসা ক্রেতা মো: আবুল কালাম জানান, আগের তুলনায় কাঁচা বাজারের সকল সবজির দাম বেশি। কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া। তাই অল্প করে কাঁচা মরিচ কিনেছি।
হোটেল ব্যাবসায়ি মো: সিদ্দিক মিয়া বলেন, হোটেলের জন্য ১০ কেজি কাঁচা মরিচের প্রয়োজন হয়। দাম বেশি তাই ৬ কেজি কিনেছি ২৫০ টাকা করে। এখন প্রয়োজন হলেও বেশি কেনা যায় না।
খুচরা বিক্রেতা রুস্তম বলেন, টানা বৃষ্টির কারণে মরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে। এখন কি করবো আমরাও বেশি দামে কিনে থাকি। তাই আমাদেরও বিক্রি করতে হচ্ছে বেশি দামে।
সবজি বিক্রেতা মো: জহির বলেন, সকল ধরণের সবজি দাম বেশি। মিষ্টি কুমড়া আগে ছিলো ২০ টাকা কেজি এখন বিক্রি হচ্ছে ৪০ টাকা, পটল আগে ছিলো ৪০ টাকা এখন প্রতি কেজি ৬০ টাকা বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ আছে ছিলো ১০০ টাকা কেজি এখন দাম বেড়ে হয়েছে ২৫০ টাকা।
পৌরসভা ২নং ওয়ার্ড এর কৃষক আবুল কালাম বলেন, টানা বৃষ্টি ও জমিতে জলবদ্ধতার কারণে মরিচ গাছ পচে গেছে এবং ফুল ঝরে পড়েছে। যেখানে প্রতি সপ্তাহে কয়েক মণ মরিচ উঠত, সেখানে এখন কয়েক কেজি তোলাও কঠিন হচ্ছে। বাজারে এখন যে দাম আছে, তা যদি ফলন ভালো থাকার সময় পেতাম, তবে লাভ হতো। এখন ক্ষেত নষ্ট হওয়ায় আমাদের আসল খরচই উঠছে না।
চরফ্যাশন সবজি বাজারের সভাপতি মো: শামসুদ্দিন বলেন, সাম্প্রতিক টানা বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন এলাকায় সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে কাঁচা মরিচসহ নানা ধরনের সবজির উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় আগের তুলনায় দাম বেড়েছে।