ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে শুরু হওয়া ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেয় চরফ্যাশন উপজেলা প্রশাসন। পরে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে চরফ্যাশন পৌরসভার আয়োজনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুখার বান্দা, নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা এবং রাস্তার পাশের বন-জঙ্গল অপসারণ করা হয়।
অভিযান চলাকালে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার জন্য সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
পৌর প্রশাসক ও ইউএনও রুমানা আফরোজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম সুমন, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর সোহরাব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইনসহ বিএনসিসির সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।