বাংলা নববর্ষ ১৪৩৩- কে স্বাগত জানাতে চরফ্যাশন উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। দিনব্যাপী নানা আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা।
সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা হয়। এতে অংশ নেয় সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাথী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ। শোভাযাত্রায় ছিল গ্রামীণ ঐতিহ্যের নানা প্রতীক পাখি, মাছ, মুখোশ ও লোকজ উপস্থাপনা।
শোভাযাত্রা শেষে ফ্যাশন স্কয়ারে উপজেলার শিল্প কলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে, প্রতিটি পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা এমাদুল হোসেন বলেন, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব এটা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে অংশগ্রহণকারীদের মাঝে ছিল উচ্ছ্বাস ও আনন্দ।
বর্ণিল আয়োজন আর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চরফ্যাশনে পহেলা বৈশাখ হয়ে উঠেছে প্রাণের উৎসব।