চরফ্যাশনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্রের সার্বিক প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম, ত্রাণ ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সকল বিভাগকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগম বলেন, কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৫ সালে নজরুল নগর ও মুজিবনগর ১৫টি সাইক্লোন সেল্টার ব্যবহার উপযোগী করা হয়েছে। সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা, সৌরবিদ্যুৎ ও সেল্টার সংলগ্ন রাস্তা মেরামত করা হয়েছে। এছাড়াও গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে সাধারণ মানুষের ক্ষতি কমাতে উঠতে কোস্ট ফাউন্ডেশন কক্সবাজার, সন্দ্বীপ, চট্রগ্রাম, কুমিল্লায় ত্রান কার্যক্রম চলমান রয়েছে এবং রেডিও মেঘনা চরফ্যাশন উপজেলায় কৃষি, মৎস্য খাতের ক্ষতি এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি তুলে ধরেছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মৎস্য খাতে প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এই বর্ষায় একজন মৎস্য চাষীর এক দিনে ১৭ লক্ষ টাকার মাছ চলে গেছে। এছাড়াও নিষিদ্ধ রিংজাল বন্ধে এলাকার চৌকিদার-দফাদারকে বলা হয়েছে যাতে তারা এলাকার জালগুলো ইউনিয়ন পরিষদে জমা দেয়। দেশি মাছের বংশ বিস্তারে সকলের সহযোগীতায় কামনা করেন।
সিপিপি কর্মকর্তা মাহতাবুল বারী বলেন, অনেক বাড়ির রাস্তা তৈরী করার সময় পানি নিস্কাশনের ব্যবস্থা রাখা দরকার। সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে যে বিদ্যালয় গুলো হবে স্কুল কাম -সাইক্লোন সেল্টার। তিনি বলেন, একটি দুর্যোগ একদিনে সৃষ্টি হয় না। আমারা যদি আগে থেকে সতর্ক ও সচেতন থাকি তাহলে দূর্যোগ মোকাবিলা করা সহজ ও সম্ভব হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, উপকূলীয় মানুষকে প্রথমেই দূর্যোগের সময় আশ্রয় কেন্দ্রে আসার জন্য উদ্বদ্ধ করতে হবে কারণ জানের থেকে মালের মায়া বেশি। শুধু ঘর উচু করে করলে হবে না পানি নেমে যাওয়ার ব্যবস্থা খুবই জরুরী। বর্তমানে ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় কিছু সমস্যা রয়েছে। তবে উপজেলা পর্যায়ে যারা দায়িত্বে রয়েছেন তাদের নিয়মিত মনিটরিং করার পরামর্শ দেন। রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও এনজিও সহ সবাই একত্রে দূর্যোগ মোকাবিলায় এগিয়ে আসলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কমবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওয়ালীউল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাকলুকুর রহমান, উপজেলা সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল, পৌর সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্টু, দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার সহ সিপিপি কর্মকর্তা মাহতাবুল বারী। এছাড়াও সরকারি. বেসরকারি বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা, সংবাদিকবৃন্দ প্রমুখ।