গেলো কয়েকদিনের কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে চরফ্যাশন উপজেলার কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। যে জমিতে কিছুদিন আগেও ছিল সোনালী স্বপ্ন, সেখানে আজ নেমে এসেছে হতাশার ছায়া।
টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, বাদাম, তিল, মরিচ, আলুসহ বিভিন্ন ফসলের ক্ষেত। অনেক কৃষকের পুরো মৌসুমের ফসলই মাটিতে মিশে গেছে। কুলছুমবাগ ও হাজারীগঞ্জ ইউনিয়ন ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
হাজারীগঞ্জ এলাকার কৃষক মোঃ নূরে আলম জানান, এবছর তিনি ধান, বাদাম, আলু ও তিল চাষ করেছিলেন। মৌসুমের শুরুতে খরার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়। এরই মধ্যে বৃষ্টিতে তিল ও বাদাম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অন্যদিকে ধানক্ষেতে পানি জমে চারা গজিয়েছে, ফলে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন তিনি।
একই এলাকার কৃষক মোঃ আলম বলেন, তিনি প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ২৪০ শতাংশ জমিতে ধান চাষ করেছেন। কিন্তু ধান পরিপক্ব হওয়ার আগেই বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাওয়ায় অন্তত ৮০ হাজার টাকার ক্ষতির আশঙ্কা করছেন তিনি।অন্যদিকে কুলছুমবাগ ৪ নম্বর ওয়ার্ডের কৃষক খোরশেদ আলম ও সিরাজুল হক মাঝি জানান, তারা বাদাম, ধান ও আলু চাষ করেছিলেন। ধান কিছুটা ভালো থাকলেও বৃষ্টির পানি জমে আলু ও বাদাম নষ্ট হয়ে গেছে। বাধ্য হয়ে পরিপক্ব হওয়ার আগেই আলু তুলতে হচ্ছে এবং বাদামগাছ জমিতেই মরে রয়েছে।
কালবৈশাখীর এই তাণ্ডব শুধু ফসলের ক্ষতিই নয়, অনেক কৃষকের জীবিকা ও ভবিষ্যৎ স্বপ্নকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
Recent Comments