“বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে কমিউনিটি রেডিও মেঘনা ৯৯.০ এফএম অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। উপকূলীয় এই রেডিও স্টেশনটি চরফ্যাশন উপজেলার মানুষের জন্য তথ্য, বিনোদন এবং জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক উঠান বৈঠক পরিচালনা করে।
সম্প্রতি চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়শাবাগ ৯নং ওয়ার্ডের বয়াতি বাড়িতে রেডিও মেঘনার উদ্যোগে নারী নির্যাতন বন্ধে ৩০ জন নারী, কিশোরী ও পুরুষের উপস্থিতিতে একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বৈঠকে নারী নির্যাতন কী এবং কেন নারীরা নির্যাতনের শিকার হয়, সে বিষয়ে আলোচনা করেন রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার মৌসুমী রানী দাস।
তিনি উল্লেখ করেন, কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তার শারীরিক, মানসিক ও যৌন লাঞ্ছনা এবং নিরাপত্তাহীনতা তৈরি করাই হলো নারী নির্যাতন। নারীরা ঘর বা বাইরে যেকোনো স্থানে পরিচিত বা অপরিচিত ব্যক্তির মাধ্যমেও এই নির্যাতনের শিকার হতে পারেন। এছাড়াও নারীকে শুধু নারী হওয়ার কারণে কষ্ট দেওয়া, সম্মানহানি করা বা তার অধিকার কেড়ে নেওয়াও নারী নির্যাতনের অন্তর্ভুক্ত বলে আলোচনা করা হয়।এই নির্যাতন থেকে রক্ষা পেতে একজন নারীকে অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। যখন একজন নারী নিজে আয় করেন, তখন পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে তার মতামতের গুরুত্ব বাড়ে বলে বৈঠকে আলোচনা করা হয়। এছাড়া, নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন সরকারি হেল্পলাইন নম্বর নিয়ে বিস্তারিত জানানো হয়।
বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি রেডিও মেঘনা বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সবাইকে নিয়মিত রেডিও মেঘনা ৯৯.০ এফএম শোনার পরামর্শ দেওয়া হয়।”
Recent Comments