রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সবশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যচাষি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল রহমান দিপু ফরাজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সফিউল্লাহ সফি, চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার ও সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজী। এ ছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ ও সাধারণ সম্পাদক আব্বাস কাজীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের প্রোটিনের চাহিদা পূরণে রূপালি মাছের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষের কোনো বিকল্প নেই। আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য খাতের অবদান অপরিসীম। কাজেই মাছ চাষে সব মৎস্যচাষিকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় বক্তারা প্রান্তিক মৎস্যজীবীদের সুরক্ষা, মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সামাজিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করার মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব। অবৈধ জালের ব্যবহার বন্ধ ও জলাশয় সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ ছাড়া সব ধরনের অবৈধ জাল ব্যবহার ও রেণু পোনা আহরণ সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করা হয়।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা এবং বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ করে সাফল্য অর্জন করায় স্থানীয় শ্রেষ্ঠ মৎস্যচাষিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
Recent Comments