ভোলার মেঘনা নদীবেষ্টিত মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নে শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের দক্ষতা বিকাশের লক্ষ্যে একটি আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কোস্ট ফাউন্ডেশন (COAST Foundation) এবং কমিউনিটি রেডিও মেঘনা ৯৯.০ এফএম-এর যৌথ উদ্যোগে “যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি, গড়বো মোরা আগামীর সংহতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের মেধার বিকাশ ও যুক্তিনির্ভর চিন্তার চর্চা বাড়াতে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ৪টি বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গনমান্য সুশীল ব্যক্তিবর্গ, সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ৪০ জন শিক্ষার্থী । উক্ত অংশগ্রহনকারী শিক্ষার্থীরা চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের পক্ষে-বিপক্ষে তাদের মেধার লড়াই আলোকপাত করেন। বিষয়গুলো হলো— ‘বাল্যবিবাহ নারীর উচ্চ শিক্ষায় বড় অন্তরায় নৈতিক মূল্যবোধের অভাবই মানসম্মত শিক্ষার অন্তরায়’ এবং ‘ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া শিক্ষার্থীদের সুযোগ নাকি আসক্তি’।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো— মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মনপুরা মাধ্যমিক বিদ্যালয়, ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এবং হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় চমৎকার যুক্তি ও বিশ্লেষণ উপস্থাপন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া উক্ত প্রতিযোগিতায় সেরা তার্কিক হিসেবে নির্বাচিত হয়েছেন হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাসনিম আক্তার। উক্ত অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন প্রধান – জেন্ডার,পিএস ই এ এইচ,ট্রেনিং এন্ড কমিউনিটি রেডিও তাহরিমা আফরোজ টুম্পা। মৌসুমি রানী শুরুতেই মেঘনার কার্যক্রম সম্পর্কে একটি প্রদর্শনী উপস্থাপন করেন।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ কামাল উদ্দিন। হাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মো. নুরনবী, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো. নুরনবী, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ মাহাবুবুল শাহীন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অধ্যক্ষ জনাব তুষার কান্তি। এছাড়াও রেডিও মেঘনার স্টেশন ম্যানেজার নিশি বেগম ও কনিকা রানীসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।স্বাগত বক্তব্যে কোস্ট ফাউন্ডেশনের পক্ষে তাহরিমা আফরোজ টুম্পা বলেন”দুর্যোগপ্রবণ উপকূলের কিশোর-কিশোরী ও তরুণদের দক্ষ এবং সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। বিতর্ক চর্চা তাদের মেধা ও সম্ভাবনাকে বিকশিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এছাড়া তিনি আরো বলেন, কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী এই বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করার স্বপ্নদ্রষ্টা। তরুনরা যেনো সম-সাময়িক সমস্যাগুলো বিষয়ে আরো দক্ষতা উন্নয়ন ও সামাজিক ও পরিবেশগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সক্ষমতা অর্জন করতে পারে এ লক্ষ্যে এই বির্তক অনুষ্ঠানের আয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ কামাল উদ্দিন বলেন, কিশোর-কিশোরীদের মেধা যাচাইয়ের এই চমৎকার উদ্যোগের প্রশংসা করেন।অন্যদিকে, সভাপতির বক্তব্যে ওসি মাজহারুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের বুদ্ধি, দক্ষতা ও জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করবে এবং ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাসী নেতা হিসেবে গড়ে তুলবে।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিটি বিদ্যালয়কে ৫ হাজার টাকা, রানার্সআপ দলকে ১০ হাজার টাকা এবং চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকা অর্থ পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন।
Recent Comments